সাপ্তাহিক কর্মব্যস্ততা শেষে ছুটির দিনের অবসরকে জমজমাট করতে বিনোদনপ্রেমীদের পছন্দের তালিকায় এখন অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম। রোমাঞ্চ, থ্রিলার, অ্যাকশন, কমেডি থেকে শুরু করে রাজনৈতিক ড্রামা—চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বেশ কিছু নতুন সিনেমা ও সিরিজ। একনজরে দেখে নেওয়া যাক, ছুটির দিনে আপনার বিনোদনের তালিকায় কী কী থাকছে।

ককটেল টু — নেটফ্লিক্স

২০১২ সালের জনপ্রিয় সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে এসেছে ‘ককটেল টু’। তবে আগের সিনেমার গল্পের সঙ্গে এর সরাসরি কোনো যোগসূত্র নেই। নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে আধুনিক সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তারকাখচিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি — নেটফ্লিক্স

হালকা মেজাজের কমেডি পছন্দ করেন যারা, তাদের জন্য উপভোগ্য হতে পারে জার্মান সিনেমাটি। অলি তার ঘনিষ্ঠ বন্ধু রেবেকার প্রেমিকা রেবেকাকে একদমই পছন্দ করে না। বন্ধুর সঙ্গে রেবেকার বিশ্বভ্রমণের পরিকল্পনা ভেস্তে দিতে নানা কৌশল নেয় সে। তবে রেবেকাও পাল্টা জবাব দিতে ছাড়ে না। দুই চরিত্রের দ্বন্দ্ব, হাস্যরস ও নানা মজার পরিস্থিতি নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

আখরি সওয়াল — লায়ন্সগেট প্লে

রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হাই-ভোল্টেজ ড্রামা ‘আখরি সওয়াল’। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর মধ্যকার আদর্শগত দ্বন্দ্ব একপর্যায়ে রূপ নেয় লাইভ টেলিভিশন টকশোতে। সেখানেই সামনে আসতে থাকে নানা অজানা সত্য। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তীকে।

উমথেথো — নেটফ্লিক্স

থ্রিলারপ্রেমীদের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রাইম-থ্রিলার সিরিজ ‘উমথেথো’ হতে পারে আকর্ষণীয় পছন্দ। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিজের ভাইকে ভয়ংকর এক জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে এমবালি। ভাইকে অপরাধজগত থেকে ফিরিয়ে আনতে এবং নিজের জীবন বাঁচাতে বিপজ্জনক এক মিশনে নামে সে। এরপরই শুরু হয় টানটান উত্তেজনার গল্প।

কদমবরি — অ্যামাজন প্রাইম ভিডিও

রহস্য, ভৌতিক আবহ ও রোমাঞ্চের মিশেলে তৈরি ‘কদমবরি’। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মধ্যে বন্দি এক প্রেতাত্মাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। দুই চোরের অসাবধানতায় আত্মাটি মুক্ত হওয়ার পর রাজপ্রাসাদে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। প্রাসাদের শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের রহস্যময় আচরণ ও মানসিকভাবে ভেঙে পড়ার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায় চূড়ান্ত থ্রিলারের দিকে।

ছুটির দিনে ঘরে বসেই যদি ভিন্ন স্বাদের বিনোদন উপভোগ করতে চান, তাহলে আপনার পছন্দের ঘরানার সঙ্গে মিলিয়ে এই তালিকা থেকে বেছে নিতে পারেন সিনেমা বা সিরিজ।